দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন বরিশাল পৌরসভার (বর্তমান সিটি করপোরেশন) নির্বাহী প্রকৌশলী অবসরপ্রাপ্ত মো. ইসহাক, প্রাক্তন সহকারী প্রকৌশলী (বর্তমানে স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালীবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেন।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, রায়ে প্রত্যেকের কারাদণ্ড এবং আহসান হাবিব কামাল ও মো. জাকির হোসেনকে ১ কোটি টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুনের মধ্যে তৎকালীন পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত দেখিয়ে সংস্থার জাল প্যাডে ভুয়া দরপত্র ও ভুয়া ঠিকাদার নিয়োগ দেন আসামিরা। এরপর জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বরিশাল শাখায় চলতি হিসাব খোলেন। ওই হিসাবে টেলিফোন শিল্প সংস্থা প্রদত্ত চারটি চেকের মাধ্যমে মোট ৩৯ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে ১১ লাখ ৯৯ হাজার ৩৭১ টাকা রাস্তা মেরামত বাবদ দেখানো হয়। আর পরস্পর যোগসাজশের মাধ্যমে সরকারি তহবিলের ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেন তারা।
ওই ঘটনায় দুদকের উপপরিচালক মো. আবদুল বাছেত ২০০২ সালের ১১ অক্টোবর মামলা করেন। ২০১১ সালের ১৯ জুলাই এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল রায় দিল।