যশোরে কৃষক, বগুড়ায় তরুণের লাশ উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মাঠে নিজ ধানক্ষেত থেকে পিকুল হোসেন (৩০) নামে এক কৃষকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর মরদেহ ধানক্ষেতেই বিচালি দিয়ে ঢেকে রাখে।

নিহত পিকুল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্তরা হচ্ছে একই গ্রামের বদিউজ্জামানের দুই ছেলে শরিফুল ও আরিফুল এবং খোকনের ছেলে সাদ্দাম হোসেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় রাতেই শরিফুল ও আরিফুল নামে দুজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, বগুড়ার গাবতলীতে নিখোঁজের চার দিন পর এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শামীম আহম্মেদ (২৫) নামে ওই যুবক গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মধ্যপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। গতকাল সোমবার সকালে ওই ইউনিয়নের সোনাকানিয়া বিলের কচুরিপানার মধ্যে তার লাশ পোওয়া যায় ।