রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালীতে বাসের ধাক্কায় মীর হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় মৃত ঘোষণা করেন।
মীর হোসেন কাঁচামাল ব্যবসায়ী। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আ. মালেকের ছেলে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, ভোরে হানিফ ফ্লাইওভার ব্রিজের কুতুবখালী ঢালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দিলে বাস ওই পথচারীকে ধাক্কা দেয়।
আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ওই ব্যক্তি কুমিল্লাতে কাঁচামালের ব্যবসা করেন। কোনো কাজে ভোরে ঢাকায় আসছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনার শিকার হন। বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।