যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে কিশোর নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসা গেটের কাছে সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজের ভেতরে এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ তার মা সেলিনা বেগম ও স্ত্রী মিমকে নিয়ে ধলপুর সিটি পল্লীতে থাকত। তার বাবা আব্দুর রশীদ মারা গেছেন। প্রায় এক বছর আগে বিয়ে করা মারুফ দয়াগঞ্জের একটি অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানায় কাজ করত।

বিথী আক্তার জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরে মারুফ। কিছুক্ষণ পর স্ত্রীকে জানিয়ে সে বাসার বাইরে যায়। পরে তারা ওয়াসা গেট এলাকায় গোলাগুলির খবর পান। সেখানে মারুফের গলার নিচে গুলি লাগে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, এলাকার কারও সঙ্গে মারুফের কোনো বিরোধ ছিল না। কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মারুফের গলার নিচে একটি গুলির ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত