পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত যুবক রুমেল ইসলামকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার সকালে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার আহসানুল সরকার রাজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩৬/২০২০, তাং- ১০/১১/২০২০।
মামলা সূত্রে জানা গেছে, শহরের দিলালপুরের জেলাপাড়া মহল্লার মৃত রবিউল ইসলামের ছেলে রুমেল ইসলাম ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ইন্টারনেটের মাধ্যম আপলোড করে আসছে।
এছাড়া ২০১৪ সালের ৩ মার্চ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর কথাবার্তা লেখে ইন্টারনেটে আপলোড করছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানিসহ তাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
পাবনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, আসামি রুমেলকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুম্মান হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামি রুমেলকে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।