সিরাজগঞ্জ-১ আসন

শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

সিরাজগঞ্জ-১ (সিরাজগঞ্জ আংশিক-কাজিপুর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের মাত্র এক দিন বাকি থাকায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারকাজ। ফলে শেষ মুহূর্তের প্রচারে ওইদিন আদাজল খেয়ে মাঠে নেমেছিলেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। মিটিং ও মিছিলে সরগরম করেছিলেন নির্বাচনী এলাকা। নির্বাচনের দুই প্রার্থী হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় ও বিএনপি প্রার্থী সেলিম রেজা।

জানা যায়, শেষ প্রচারণায় কাজিপুর শহরে বিশাল নৌকার মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন তিনি। অপর দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাজিপুর শহরে মিছিল করেন বিএনপি প্রার্থী সেলিম রেজা। 

নৌকার প্রার্থী তানভীর শাকিল জয় বলেন, ‘কাজিপুরের মানুষ সব সময়ই আমার বাবা-দাদার পাশে ছিল। আশা করি তারা আমার সঙ্গে-পাশেও রয়েছেন। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

অপর দিকে বিএনপি প্রার্থী সেলিম রেজা জানান, প্রচারকাজে নানাভাবে বাধা প্রদান করছেন প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা। তারপরও সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।