বগুড়ায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের মালতিনগর শ্মশানঘাট এলাকায় একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয়েছে নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুলসংখ্যক জিহাদি বই।
গ্রেপ্তাররা হলেন- শিবিরের সাথী আসাদুল আল গালিব (২৪) ও জিয়া আলম (২৫), শিবিরের সদস্য শাহীন আলম (২৪), মালতিনগর উপশাখার সভাপতি মেহেদী হাসান (২৬), মালতিনগর উপশাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউছুব আলী (২৬), শিবিরকর্মী গোলাম মোর্তুজা (২৭), আব্দুল কুদ্দুস (২৫) ও ইউছুব আলী।
জানা গেছে, পুলিশের কাছে সংবাদ আসে মালতিনগর শ্মশানঘাট এলাকায় তোতা মিয়ার ছাত্রাবাসে শিবিরের নেতা–কর্মীরা সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ছাত্রাবাসে তল্লাশি করে বিপুলসংখ্যক জিহাদি বই, ল্যাপটপ, কম্পিউটার, লাঠি ও লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে কেরোসিন তেল মেশানো কিছু লাঠি, ২টি চাপাতি ও ২টি হাঁসুয়া উদ্ধার করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।