চাঁদপুরে মাস্ক না পরায় ৮১ জনকে অর্থদণ্ড

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।

দুপুর ১২টা পর্যন্ত চলা ২ ঘণ্টাব্যাপী এই অভিযানে মাস্ক না পরার দায়ে ৮১ জনকে মোট ৭ হাজার ৬২০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম বলেন, শহরের হাসান আলী স্কুল মাঠ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করার দায়ে ১৮ জনকে ২৬ শ' টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিদ্দুজামান বলেন, বুধবার দুটি স্থানে অভিযান চালিয়ে মোট ৮১ জনকে ৭ হাজার ৬২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণ জনগণ করোনা নিয়ে খুব একটা সচেতন নয়। আমরা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি একই সাথে যারা নির্দেশনা অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। বিকেলে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে অভিযান চালাবে ম্যাজিস্ট্রেটরা। 

জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন ২ হাজার ৩০৫ জন। জেলায় ৭৮জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।