দনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর দক্ষিণ দনিয়ায় একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে জিয়াউল হাসান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি কোচিংয়ে শিক্ষকতা করতেন।

বুধবার বেলা একটার দিকে কদমতলী দক্ষিণ দনিয়া ১৫৬৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটায় মৃত ঘোষণা করেন।

পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার এমএ মান্নান মিয়ার ছেলে তিনি। স্ত্রী ও দুই মেয়েসহ দনিয়ায় নিজেদের ওই বাসার নিচতলায় থাকতেন।

মৃত জিয়াউলের বড় ভাই এমএ মামুন জানান, এলাকায়ই কোচিং করান জিয়াউল। দুপুরে রুমে একাই ছিলেন তিনি। বাসায় বিদ্যুতের লাইনের মেরামত চলছিল।

বেলা ১টার দিকে তার স্ত্রী রুমে গিয়ে দেখেন জিয়াউল অচেতন হয়ে বিদ্যুতের তারের উপর পড়ে আছেন।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।