ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহে মাদক মামলায় আসাদুজ্জামান লিটন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এম জি আযম এ দণ্ডাদেশ প্রদান করেন।

এ মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডিত লিটন যশোর জেলার বেনাপোল এলাকার ধান্য খোলা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিনিকল এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আসাদুজ্জামান ওরফে লিটনকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আরো দু’জনের নাম বেরিয়ে এলে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে।

তদন্তকারী কর্মকর্তা ওই বছরে ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার লিটনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এ মামলার অপর দুই আসামি ইমরান এবং জাহাঙ্গীরের অপরাধ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামি  পলাতক রয়েছে।