কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বড় ফেরি না চলার কারণে ও নাব্য সংকটে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। নদী পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান করতে হচ্ছে চালক ও শ্রমিকদের। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
তবে যাত্রীবাহী বাস বা ছোট গাড়ির কোনো সিরিয়াল নেই। ঘাট এলাকাতে কোনো যাত্রীবাহী বাস বা ছোট গাড়ি নদী পারাপারের জন্য এলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নদী পার করে দিচ্ছেন ঘাট কর্তৃপক্ষ।
গতকাল বুধবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে নদী পারাপারের জন্য অপেক্ষা করছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। অপরদিকে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের বড় ফেরিগুলো চলছে না। যার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে অতিরিক্ত কিছু পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে।