পিটিয়ে-পুড়িয়ে হত্যা: জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

তদন্ত কমিটির প্রধান লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন বৃহস্পতিবার সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের হাতে প্রতিবেদনের কপি তুলে দেন।

লালমনিরহাট জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও কমিটি ৯ কার্য দিবস সময় নিয়ে প্রতিবেদন দাখিল করে।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এ সময় ৭টি সভায় মিলিত হয়। কমিটির সদস্যরা ৫০ জন সাক্ষীর প্রকাশ্যে ও গোপনে মৌখিক ও লিখিত বক্তব্য সংগ্রহ করেছে।

ছয়টি অধ্যায় ও ৪২টি অনুচ্ছেদ সংবলিত ৭৩ পাতা সংযুক্তি সহকারে ৬ পাতার প্রতিবেদন দাখিল করে।

কমিটি ওই প্রতিবেদনে ঘটনার প্রারম্ভিকা, ঘটনার বিবরণ, অধিকতর তথ্যানুসন্ধান, গভীর পর্যবেক্ষণসহ সুপারিশ প্রদান করেছে বলে কমিটির প্রধান লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন সাংবাদিকদের জানান।

এ সময় কমিটির অপর দুই সদস্য লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর প্রতিবেদন গ্রহণের পর সাংবাদিকদের বলেন, প্রতিবেদনের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে।

এ সময় তিনি বলেন, সেখানে কোরআন অবমাননার কোনো বিষয় ঘটেনি।

জেলা প্রশাসক আরও বলেন, এটা ছিল স্রেফ গুজব। এ ব্যাপারে যেহেতু থানায় ফৌজদারি মামলা রয়েছে সেহেতু মামলা তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদনের ব্যাপারে কিছু জানাতে রাজি হননি তিনি।

এই ঘটনায় নিহত জুয়েলের চাচাতো ভাই সাইফুল আলম বাদী হয়ে হত্যা মামলা, পাটগ্রাম থানার এসআই শাহজাহান আলী সরকারি কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুর মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

এ নিয়ে ৩টি মামলায় মোট ৩২ জন আসামি গ্রেপ্তার হল। ৩২ আসামির মধ্যে মসজিদের খাদেমসহ ৩ জন ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে গত শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে।

রবিবার আবুল হোসেনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৫ দিনের  রিমান্ড মঞ্জুর করেন। আলোচিত তিনটি মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় বাজার জামে মসজিদে ধর্ম অবমাননার অভিযোগে জুয়েল ও তার সঙ্গী একই এলাকার সুলতান রুবায়াত সুমনকে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখেন স্থানীয়রা।

পরে সন্ধ্যায় ইউপি ভবন ভেঙে প্রশাসনের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে স্থানীয়রা।

এ সময় পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তসহ ১০ পুলিশ সদস্য আহত হন। পুলিশ জুয়েলের সঙ্গী রুবায়াত সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।