সিলেটের বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে মামলার ৯ আসামির মধ্যে ১ জনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন ও ৫ জনকে ৩ বছর করে কারাদণ্ড এবং ২ জনকে খালাস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এই রায় প্রদান করেন।
রায়ে মামলার পলাতক আসামি রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড, আরেক পলাতক আসামি আবদুল ফাত্তাহকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি রাজন আহমদ, লিমন আহমদ, বাবুল আহমদ, শাহিন আহমদ ও মঞ্জুর আহমদকে ৩ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ ছাড়া আসামি আবদুল মুমিত সুমন ও রায়হান আহমদ চৌধুরীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
তবে বাদীপক্ষের আইনজীবী গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল বলেন, এই রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। এ নিয়ে আমরা উচ্চ আদালতে যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালের ২২ জুন বিয়ানীবাজার উপজেলার পূর্ব আলী নগর গ্রামে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন। এ ঘটনায় নিহতের ভাতিজা আলী আকবর বাবুল বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলা তদন্ত শুরু করেন বিয়ানীবাজার থানার তৎকালীন এসআই দেবাশীষ শর্মা। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।