২০১৪ সালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নাসিরউদ্দিন আহমেদ ঝিলুকে সভাপতি এবং জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দিয়েছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। কিন্তু সেই কমিটি দীর্ঘ ছয় বছরেও একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারেনি দলকে।
তবে গতকাল বৃহস্পতিবার ৬৮ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে মিজানুর রহমান কিসমতকে আহ্বায়ক ও দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৬৮ সদস্যবিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
দীর্ঘদিন পর এ উপজেলায় একটি বড় আকারের আহ্বায়ক কমিটি পেয়ে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী মনে করছেন নেতাকর্মীরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘ ছয় বছর দুই নেতার কাছে জিম্মি ছিল পুরো দল। তারা তাদের স্বার্থের কারণে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেননি। এতে করে পদবঞ্চিত ছিলেন অনেক জ্যেষ্ঠ নেতাকর্মী। আগামীতে তাদের দলে রাখার বিষয়টি ওপরমহলকে ভাবতে হবে।
আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আছেন আলিমুর রহমান পিয়ারা, মোতাহের হোসেন, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দেওয়ান তুহিনুর রহমান, হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, ইব্রাহীম খলিল, আবদুল ওয়াদুদ, সাইদুর রহমান সোহেল, পান্নু মিয়া, এস এম সাইফুল ইসলাম প্রমুখ।