পিএসএলে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে তামিম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আসল লড়াইয়ে নামার আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল।

তামিমের দল লাহোর কালান্দার্স এদিন মুলতান সুলতানসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে। করাচির জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তামিম খেলেছেন ৩৮ বলে ৩৭ রানের ইনিংস।

এর আগে পিএসএলে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছেড়ে যাওয়া তামিম বুধবার করাচিতে পৌঁছান। দেশ থেকে দুই দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন। করাচি যাওয়ার পর আবার পরীক্ষা হয়েছে দুই দফায়। এরপর অনুমতি মিলেছে হোটেল কক্ষ থেকে বের হওয়ার।

১৪ নভেম্বর তামিমের লাহোর প্রথম এলিমিনেটরে খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচ জিতলে ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর বাধা টপকে ফাইনালে জায়গা করতে নিতে হবে তামিমদের। তাতে একটি থেকে তিনটি ম্যাচ খেলার সুযোগ হতে পারে তামিম ও তার দলের।

প্রস্তুতি ম্যাচটিতে অবশ্য তামিমের দল হেরেছে মুলতান সুলতানসের কাছে। প্রথমে ব্যাট করে লাহোর ৬ উইকেটে ১৫৭ রান করেছিল। যা ২ উইকেট হাতে রেখে টপকে যায় মুলতান।

২০১৬, ২০১৭ ও ২০১৮ পিএসএলে তামিম খেলেছিলেন পেশোয়ার জালমিতে।