যশোরের শার্শায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামীয়া ইসলাম (১৩) নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী ও আবু হানিফ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের নাভারন খাজুরা নিহা ফিলিং স্টেশনের সামনের এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।
উপজেলার কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে সামীয়া নাভারন বুরুজবাগান গার্লস স্কুলে পড়ত। সে পরীক্ষার খাতা জমা দিতে স্কুলে যাচ্ছিল। ভ্যানচালক আবু হানিফ একই গ্রামের নছুর উদ্দিনের ছেলে।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই টিটু মিয়া বলেন, নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের তিন শিক্ষার্থী পরীক্ষার খাতা জমা দিতে ভ্যানযোগে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলই মারা যায় সামীয়া। গুরুতর আহত ভ্যানচালাক হানিফকে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুর ৩টার দিকে তিনি মারা যান। আহত অন্য দুই ছাত্রী নাভারন হাসপাতালে চিকিৎসাধীন।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে টিটু আরও বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
নেত্রকোনায় গাড়িচাপায় বৃদ্ধ নিহত : নেত্রকোনার দুর্গাপুরে গাড়িচাপায় আব্দুল মজিদ (৬৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজিদ উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব বলেন, ধারণা করা হচ্ছে মজিদ সকালে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। কোনো একসময় দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে পথচারীরা সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে স্থস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে বলেও জানান তিনি।
কিশোরগঞ্জে দুই সিএনজির মধ্যে চাপা পড়ে যুবক নিহত : কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় দুই সিএনজি অটোরিকশার মধ্যে চাপা পড়ে হাবিবুল্লাহ (৩৬) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবুল্লাহ ওই এলাকার হেলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কটিয়াদি হাইওয়ে থানার পরিদর্শক আব্দুস সোবহান জানান, হাবিবুল্লাহ যাতায়াত পরিবহন বাসের হেলপার ছিলেন। দুপুরে ডিউটি শেষে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দুটি সিএনজি অটোরিকশার মধ্যে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।