সপরিবারে করোনা: লাইফ সাপোর্টে আজিজুল হাকিম

স্ত্রী ও সন্তানসহ করোনা আক্রান্ত হয়েছেন আজিজুল হাকিম। টেলিভিশনের খ্যাতনামা এ অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে আজিজুল হাকিম নিজের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। সঙ্গে জানান, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও ছেলে মোহাইমেন রিদোয়ান হৃদ কভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

তারা মঙ্গলবার করোনা পরীক্ষা ফলাফল হাতে পান।

হাকিমের লাইফ সাপোর্টের খবরটি জানান অভিনেত্রী বন্যা মির্জা। শুক্রবার সকালে ফেইসবুকে তিনি লেখেন, “আমাদের প্রিয়  আজিজুল হাকিম ভাই করোনাতে আক্রান্ত, এবং  তার  সন্তান হৃদ ও জিনাত ভাবীও। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন।”

বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে এখনো জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।

করোনা আবহে কয়েক মাস ঘরে থাকলেও গত মাসে একটি ধারাবাহিক নাটকের শুটিং করেছেন আজিজুল হাকিম। এ ছাড়া সম্প্রতি মেয়ে নাযাহের পরিচালনায় একটি তথ্যচিত্রে অংশ নেন।