চট্টগ্রাম নগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে ২৩ হাজার ইয়াবা, প্রায় নয় লাখ নগদ টাকা ও ১২টি চেক বই জব্দ করেছে পুলিশ। এ সময় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে এসব জিনিস জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, ইতিপূর্বে পুলিশের হাতে গ্রেপ্তার দুই আসামির রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। সেখানে ৪ নম্বর রোডের একটি বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার করা হয়েছে।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান দেশ রূপান্তরকে জানান, গত ৫ নভেম্বর নগরীর বাকলিয়া থেকে অস্ত্রসহ এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াবা বিক্রি করে ওই অস্ত্রটি কিনে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন তিনি। পরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদকালে নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকার তথ্য দেন তারা।
তিনি জানান, আসামিদের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবা, টাকা ও চেক বই জব্দ করে পুলিশ। পরে ওই ফ্ল্যাট থেকে মাসুদ ফোরকান, শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।