নতুন ছবিতে বাপ্পি-অপু

নতুন একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। ছবিটির নাম ‘প্রিয় কমলা’। এতে বাপ্পির চরিত্রের নাম প্রিয় আর অপু বিশ্বাসের নাম থাকবে কমলা। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন শাহরিয়ার নাজিম জয়।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে ছবিটি। সম্প্রতি বাপ্পী  চূড়ান্ত হয়েছেন। আর মৌখিকভাবে কথা হয়েছে অপু বিশ্বাসের সঙ্গে। ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিংয়ে অপু এখন আছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। সেখান থেকে ঢাকা ফিরলেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবেন তিনি।

শাহরিয়ার নাজিম জয় বলেন, বাপ্পী ও অপুকে নিয়ে এই ছবি করতে যাচ্ছি। তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। অপু ঢাকায় ফিরলেই তাকে আনুষ্ঠানিক চূড়ান্ত করে ডিসেম্বরে শুটিং শুরু করবো।

ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর বাপ্পি বলেন, ‘ইমপ্রেসের ছবি এটি। চ্যানেল আই-ইমপ্রেস আমার পরিবারের মতো। আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য বেশ সহায়ক একটি নাম ইমপ্রেস। আর জয় ভাই আমাদের পছন্দের ভাই। তার সঙ্গে আমার যুদ্ধ যুদ্ধ সম্পর্ক। এবার জয় ভাইয়ের যুদ্ধে আমি সারথি হচ্ছি। ছবিটির গল্পটিও আমার ভালো লেগেছে। এই ছবির  মাধ্যমে আমি আর অপু বিশ্বাস আবার জুটি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো। সব মিলিয়ে দারুণ একটি প্যাকেজ। আশা করি ভালো কিছু হবে।’

চট্টগ্রাম থেকে অপু বিশ্বাস বলেন, ‘বাপ্পির সঙ্গে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ করেছি। ছবিটি এখনো মুক্তি পায়নি। কিন্তু আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে দর্শকদের কাছে বেশ সাড়া পাবে। তার আগেই নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। কথাবার্তাও প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে আমরা নতুন একটি ছবি করতে যাচ্ছি।’

বাপ্পী ও অপু বিশ্বাস জুটির এই ছবিতে শিল্পী আরও কারা অভিনয় করবেন তা শিগগিরই চূড়ান্ত করা হবে। ডিসেম্বরে শুটিং শুরু করে একটানা শুটিং শেষ করতে চান পরিচালক। মুক্তি দেয়ার ইচ্ছে নতুন বছরের কোন এক সময়ে।