বকশীগঞ্জে বাল্য বিয়ে পন্ড কাজির কারাদন্ড

জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর-কনের বাবাকে জরিমানা ও কাজিকে ছয় মাসের কারাদ-াদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার মাস্টারবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার মাস্টারবাড়ির কাজী রফিকুল ইসলামের বাড়িতে মেষেরচর গ্রামের রাজু আহাম্মেদের ছেলে রাসেল মিয়ার সঙ্গে নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট সেখানে গিয়ে বাল্যবিয়ে প- করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ের কাজি রফিকুল ইসলামকে আটক করে ছয় মাসের কারাদন্ড, বর এবং কনের বাবাকে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি জানান, রফিকুল ইসলামকে গতকাল শুক্রবার জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।