চট্টগ্রামের বাঁশখালীতে দুটি পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইরাং এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রাসেল উল্লাহ বাদী হয়ে বাঁশখালী থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি বিষের বোতল পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্ত গত বৃহস্পতিবার গভীর রাতে রাসেল উল্লাহর দুটি পুকুরে বিষ ঢেলে দেয়।
গতকাল শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাসেল উল্লাহ গিয়ে দুটি পুকুরে কাতলা, রুই, পাঙাশ, নাইলোটিকাসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ ভাসতে দেখেন।
রাসেল উল্লাহ বলেন, ‘স্থানীয় কতিপয় দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে আমার পুকুর দুটিতে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলেছে। এতে ৩০-৩৫ মণ মাছ মরে গেছে। আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।