ভুল পথে হাঁটছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম: দীপংকর দীপন

‘ঢাকা অ্যাটাক’-খ্যাত দীপংকর দীপন বললেন, ভুল পথে হাঁটছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম।

বর্তমানে বেশ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারতীয় কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশে সক্রিয়। পাশাপাশি নেটফ্লিক্স বা আমাজন প্রাইমের গ্রাহকও কম নয়, তবে তারা এখনো বাংলাদেশি অরিজিনাল কনটেন্টের কাজ শুরু করেনি।

হালে একাধিক দেশি কনটেন্ট আলোচিত হলেও নানান ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। সঠিক পরিকল্পনার অভাব, গুণগতমান ও বাজেটের আপসের কারণে এই শঙ্কা।

সেই প্রসঙ্গটি ধরেই ইঙ্গিত দিলেন দীপংকর। তার তৈরি কনটেন্টও এখন ওটিটি প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। সে দিক থেকে তার অভিজ্ঞতার যথেষ্ট মূল রয়েছে।

দীপংকর ফেইসবুক পোস্টে লেখেন, “আমি ব্যক্তিগত অভিমত ভুল পথে হাঁটছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম। কত কম টাকায় কত ভালো কনটেন্ট বানাতে পারবেন টার্গেট সেটা নয়। কনটেন্টের বাজার কতটা বড় করতে পারবেন, আসল টার্গেট সেটা।”

আরও বলেন, “টার্গেট বাজার, টার্ন ওভারের সময়সীমা  নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলালে, বাজেট নিয়ে আপনার ধারণাটা বদলে যাবে। তখন বুঝবেন একটা বা দুটা ফ্ল্যাগশিপ কনটেন্টের জন্য ইন্টারন্যাশনাল ওটিটিগুলো যা করে, কেন করে?”

“দেশ-বিদেশের ওটিটি যাদের জন্যই হোক— কনটেন্ট বানানোর মেধাবী পরিচালকদের প্রয়োজনীয় স্পেসটা দিতে না পারলে দিন শেষে বদনামটা আমাদের নির্মাতা বা কনটেন্ট ক্রিয়েটরদের ওপরেই আসবে, বাজারের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে। ৫ বছর পরে ভেবে লাভ নাই, ভুল পথে হেঁটেছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম।”

এ দিকে কয়েক দিন আগে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন দীপংকর দীপন। এ ছাড়া তার অসমাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘ঢাকা ২০৪০’।