আখাউড়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চার বছরের একটি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে শিশুটির মা বাদী হয়ে আখাউড়া থানায় হুমায়ুন কবিরকে আসামি করে মামলা করেছেন। পরে সকালেই তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত হুমায়ুন কবির আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আক্তারুজ্জামানের। শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিকালে মোগড়া মধ্যপাড়ায় হুমায়ুনের দোকানে চকোলেট কিনতে যায় মেয়েটি। এসময় হুমায়ুন কবির শিশুটিকে একা পেয়ে তার দোকানেই যৌন নিপীড়ন করে।

তবে হুমায়ুন কবিরের পরিবারের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি ছোট্ট এই শিশুর সঙ্গে এমনটি কিছুতেই করতে পারেন না। সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার আশা করছে হুমায়ুনের পরিবার।

আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুল উল আলম বলেন, ওই শিশুর মা শনিবার সকালে থানায় মামলা করেছেন। সকালেই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।