লেবু ও আদা চায়ের উপকারিতা

সর্দি-কাশিতে আদা চা উপকারী এ তথ্য সবার জানা। আলাদাভাবে অনেকে লেবু চা খেতেও ভালোবাসেন। তবে আদা ও লেবু মিশিয়ে যদি কেউ চা খান তবে সেটি শরীরের অনেক সমস্যার সমাধানে উপকারী ভূমিকা রাখে।

বমি ভাব দূর করতে :  শারীরিক দুর্বলতা, গর্ভাবস্থা, কেমোথেরাপি বা চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অনেক সময় বমি ভাব দেখা দেয়। এ সমস্যা কমাতে লেবু-আদা চা খুবই উপকারী। এ ছাড়া বদহজম, ডায়রিয়া ও পেটে ব্যথার মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার চিকিৎসার ক্ষেত্রে আদা বেশ কার্যকর ভূমিকা পালন করে।

ইমিউনিটি বাড়াতে : জমে থাকা কফ ও রক্ত জমার হাত থেকে স্বস্তি দেয় আদা। লেবু ভিটামিন-সি-সমৃদ্ধ, যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তাই ইমিউনিটি বাড়াতে রোজ ১/২ কাপ লেবু-আদা চা খেয়ে নিন।

মেজাজ ভালো রাখতে : আড্ডায় হোক বা কাজের ফাঁকে, এক কাপ লেবু-আদা চা মানে ক্লান্তি দূর হয়ে শরীর ঝরঝরে হয়ে যাওয়া। ক্লান্তি দূর হয় বলে মেজাজও ভালো থাকে, যা মানসিক শক্তিরও জোগান দেয়।

হার্টের জন্য : হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে এই চা। আদা ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-প্লেটলেট, হাইপোটেনসিভ ও হাইপোলিপিডেমিকের মতো প্রভাবের জন্য পরিচিত। আর এসব বৈশিষ্ট্যই হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।

শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে : লেবুর মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, যা আমাদের শরীরকে কিডনি, লিভার এবং অন্ত্র সম্পর্কিত অনেক মারাত্মক রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে। হজমেও বেশ সহায়ক লেবু। আর তাই প্রতিদিন সকালে এক কাপ লেবু-আদা চা মানেই সতেজতা।