সীতাকুন্ডে নিখোঁজের চার দিন পর গতকাল শনিবার দুপুরে সাগর উপকূল থেকে জামসেদ (২৮) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সৈয়দপুর ইউনিয়নের বসরত নগর এলাকার উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে একই দিন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তার পরিবারের সদস্যরা।
সীতাকুন্ড মডেল থানারৃ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ডাকাতি, ছিনতাই, নাশকতাসহ নিহতের নামে থানায় সাতটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের নুরুজ্জামানের ছেলে জামসেদ। পরদিন এ ঘটনায় স্থানীয় যুবলীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে অপহরণ মামলা করেন জামসেদের স্ত্রী। পুলিশ সাইফুল্লাহ ও জুয়েল নামের দুই আসামিকে আটক করে। সুমন বণিক বলেন, অধিকতর তদন্ত করে এই ঘটনায় কারা জড়িত খুঁজে বের করা হবে।