ফরিদপুরের সদরপুরে নোটারি পাবলিকের মাধ্যমে ১২ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন ৬০ বছরের এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিয়ে আয়োজনের দায়ে ওই ব্যক্তি, কিশোরীর মা, নানা ও নানিকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানার আদেশ দিয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতর রশি গ্রামে ওই কিশোরীর বাড়িতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার।
আদালত বাল্যবিয়ের দায়ে মোহাম্মদ ফকির নামে ওই ব্যক্তিকে এক বছর কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা, অনাদায়ে তাকে আরও তিন মাস কারাদ- ভোগ করতে হবে। এ ছাড়া আদালত কিশোরীর মা ফাতেমা বেগমকে ছয় মাস ও নানা খবির তালুকদার এবং নানি হালিমুন্নেসাকে এক মাস করে কারাদন্ডের আদেশ দেন।
মোহাম্মদ ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের বাসিন্দা। ওই কিশোরী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে কিশোরীর বিয়ে হয়। বাল্যবিয়ের ব্যাপারে মেয়ের বাবা বাধা দিলে মা গোপনে এ বিয়ে সম্পন্ন করেন কিশোরীর নানা ও নানির সহায়তায়। গত শুক্রবার রাতে মোহাম্মদ ফকির মেয়েটির বাড়িতে গেলে তার স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে খবর দেন।