দুমকিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে ৪৬০ পিস ইয়াবাসহ  সজল চ্যাটার্জি (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাগলা বিশ^বিদ্যালয় স্কয়ার এলাকা থেকে এসআই সঞ্জীব কুমার সরকার ও এসআই কামরুল ইসলামের নেতৃত্বে দুমকি থানা-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ৪৬০পিস ইয়াবা উদ্ধার হয়। সজল সরকার বরগুনা জেলার আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদে জানায়। তার পিতার নাম শম্ভুনাথ চ্যাটার্জি।

এসআই সঞ্জীব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাগলার বিশ^বিদ্যালয় স্কয়ার এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ভাড়াটে মোটরসাইকেল আরোহী সজল চ্যাটার্জীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বরিশাল থেকে ভাড়াটে মোটরসাইকেলে ইয়াবার চালানটি আমতলী যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পাগলায় চেকপোস্ট বসানো হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদি হাসান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। গ্রেপ্তারকৃত আসামিকে নিয়মিত মামলায় রবিবার সকালে কোর্টে সোপর্দ করা হবে।