চাঁদপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পালিত হচ্ছে পূর্ণদিবস কর্মবিরতি। আজ রবিবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।

সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. নেছার আহমেদ বলেন, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের পদ-পদবী ও গ্রেড পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি চলছে।

এছাড়া আগামী ২২ থেকে ২৬ নভেম্বর এবং ২৯ থেকে ৩০ নভেম্বর অফিস চত্ত্বরে ব্যানার, পোস্টারসহ অবস্থান কর্মসূচি পালিত হবে।

তিনি বলেন, আমাদের এই যৌক্তিক দাব পূরণ না করা হলে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ করা হবে। আমরা চাই না আমাদের কর্ম ফেলে রেখে বাইরে আন্দোলন করি। তাই আমাদের দাবি মেনে নিতে উদাত্ত আহ্বান জানাই।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির উপ-মহাসচিব সাইফুল আলম প্রমুখ।