কলকাতার সময় রবিবার ভোর পাঁচটায় হাসপাতালে পৌঁছান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বোস।
আগের দিন সংবাদমাধ্যমকে বলেছিলেন, “বাবা ভালো নেই।” রবিবার সকালে শারীরিক অবস্থার আরও অবনতি হয় বিখ্যাত অভিনেতার।
চিকিৎসকেরা জানান, চেতনা নেই সৌমিত্রর। তারা হাল ছেড়ে দিয়েছেন, অলৌকিক কিছু ওপর ভরসা করছেন।
বর্ষীয়ান অভিনেতার মস্তিষ্ক প্রায় অচল। ব্রেন ডেথ কি-না এ বিষয়ে এখনো মুখ খোলেনি হাসপাতাল।
মেডিকেল টিমের প্রধান ডা. অরিন্দম কর আগেই বলেছিলেন, “বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।”
শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ১০০% ফেডারেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালাইসিস কোনো কিছু কাজ করছে না। পরিবারের লোকদের ডেকে পাঠানো হয়। হাসপাতালে ইতিমধ্যে পৌঁছে গেছেন তার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা।
গতকাল বলা হয়, শেষ ৩৮ ঘণ্টায় সৌমিত্রর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না।
ডা. অরিন্দম বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তার অবস্থা আরও সংকটজনক হয়েছে। সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।”
শনিবার রাতেই হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।