আড়াইহাজারে খৈল ভর্তি বস্তায় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭৪ কেজি ওজনের খৈল ভর্তি বস্তার নিচে চাপা পড়ে হুমায়ন কবির (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

জানা গেছে, শনিবার রাতে স্থানীয় দুপ্তারা ইউনিয়নের কাচিটাকা নামক এলাকায় অবস্থিত ‘শক্তি’ নামে সরিষার তেল প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

একই প্রতিষ্ঠানের কিছু শ্রমিক তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতাল জবেদ আলীতে ভর্তি করান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

তিনি সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ থানাধীন নারায়ণতলা কামারভিটা এলাকার ময়না মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক মোশারফ হোসেন দেশ রূপান্তরকে জানান, হুমায়ন রাত ৮টার দিকে ৭৪ কেজি ওজনের খৈল ভর্তি একটি বস্তা মাথায় করে গাড়িতে ওঠাতে গিয়ে হঠাৎ বস্তাটি তার ঘাড়ের ওপর পিছলে পড়ে। এ সময় তার ঘাড়ের হাড় ভেঙে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, ৮ ঘণ্টা ডিউটি করার কথা থাকলেও প্রতিষ্ঠানে পুরো ১২ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে। এতে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত কাজের চাপে শ্রমিকদের মধ্যে অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।