রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমা ফাটানোর ঘটনায় আরো ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, বৃহস্পতিবারের এসব ঘটনায় দায়ের মোট ১৬ মামলায় রোববার পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার বিকাল পর্যন্ত এসব ঘটনায় মোট ৩২ জন গ্রেপ্তার হয়, যাদের মধ্যে ২৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে নয় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে দুপুর ১২টা থেকে আড়াইটার মধ্যে শাহবাগ, জিরো পয়েন্ট, জাতীয় প্রেস ক্লাব, মতিঝিল, নয়াবাজার ও খিলগাঁও এলাকায় ছয়টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এছাড়া, ২টা ৪৫ মিনিটে পল্টন থানার পার্কলিং এলাকায়, বিকাল ৩টায় মতিঝিল থানার পূবালী পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এবং ভাটারা থানার কোকাকোলা মোড়ে একটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেন দমকল বাহিনীর সদস্যরা।
ঢাকা-১৮ আসন উপনির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা বাসগুলোতে আগুন দিয়ে থাকতে পারে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন।