আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যা করে সাবেক কর্মকর্তাদের ক্ষমতা দখলের একটি প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস (এনএসএস)। গত শনিবার এক বিবৃতিতে এনএসএস জানিয়েছে, সংস্থাটির সাবেক প্রধান আর্তুর ভেনেতসিয়ান, রিপাবলিকান পার্টির সংসদীয় দলের প্রধান ভাহরাম বাঘদাসারিয়ান এবং যুদ্ধ স্বেচ্ছাসেবক আশোট মিনাসায়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজনরা প্রধানমন্ত্রীকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিলেন এবং ইতিমধ্যেই তার জায়গায় নতুন প্রার্থীদের নিয়ে আলোচনাও চলছিল।
গত কয়েকদিন থেকেই ব্যাপক চাপের মুখে রয়েছেন আর্মেনীয় প্রধানমন্ত্রী পাশিনিয়ান। প্রায় ছয় সপ্তাহব্যাপী লড়াই শেষে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল আজারবাইজানের হাতে ছেড়ে দেওয়ায় তার পদত্যাগ দাবিতে তুমুল বিক্ষোভ চলছে আর্মেনিয়ায়।
চলতি সপ্তাহের শুরুর দিকে পাশিনিয়ান বলেছিলেন, আরও ভূমি হারানো ঠেকাতে রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তিতে সই করা ছাড়া তার সামনে আর কোনো উপায় ছিল না। এই পরিস্থিতির জন্য ব্যক্তিগত দায় নিলেও এখনই পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।