সৌমিত্র ছিলেন বিশাল একটা বট গাছের মতো : সৃজিত

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে নেমে এসেছে শোক। স্মৃতিচারণা করছেন কাছের মানুষেরা।  সৌমিত্রকে নিয়ে ‘হেমলক সোসাইটি’ নির্মাণ করেছিলেন সৃজিত মুখার্জি। সৌমিত্র তার দীর্ঘ শিল্পী জীবনে  বহু পরিচালকের সঙ্গে কাজ করেছেন- সত্যজিৎ থেকে সৃজিত। সৃজিত এই সময়ের এক প্রতিভাবান পরিচালক। তার সঙ্গে একটি ছবিতেই কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাই সৃজিত খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। জানিয়েছেন তার অনুভূতি।

সৃজিত বলছেন, 'ওকে নিয়ে আলাদা করে কী বলব! উনি একজন ইনস্টিটিউশন। বিশাল একটা বট গাছের মতো। যার প্রত্যেক শাখা থেকে ঝরে পরছে শিক্ষা, মেধা এবং অকল্পনীয় ঐতিহ্য। সেই ঐতিহ্যের হাত ধরে আমাদের শিক্ষা।  ওর সঙ্গে আমি একটাই ছবি করেছি হেমলক সোসাইটি। ওইটুকু সময়ের মধ্যেও যতটা শেখা যায় ততটা শেখার চেষ্টা করেছি। ওকে নিয়ে বলার মতো আমার সত্যিই কোনও যোগ্যতা নেই'।

সৌমিত্রর দীর্ঘ অভিনয়জীবনকে মনে রেখে কথা প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, তার বিচারে সৌমিত্রর সেরা পাঁচটি ছবির কথা। সেগুলি হল- 'অপুর সংসার', 'চারুলতা', 'বাক্সবদল', 'অপরিচিত','তিনভুবনের পারে'।