উপনির্বাচনের দিন রাজধানীর একাধিক স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, সরকার তার এজেন্টদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। অতীতের মতো এবারও নিজেরা এ অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বিএনপি এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য ঘৃণা প্রকাশ করছে। গতকাল রবিবার দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত শনিবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, গত ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ সংসদীয় উপনির্বাচনে ব্যাপক সন্ত্রাস, অনিয়ম ও কারচুপি হয়েছে। নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে দেশের জনগণ নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছে। এতে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের অধীনে ও বর্তমান অযোগ্য ইসির পরিচালনায় বাংলাদেশে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। উপনির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিও জানিয়েছেন তারা।