দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন ও শরীয়তপুরের নড়িয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এছাড়া দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরচাপায় এক স্কুলছাত্রী, পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় এক ব্যবসায়ী, বাগেরহাটের ফকিরহাটে ট্রাকচাপায় এক শিশু, চাঁদপুর সদর উপজেলায় গাড়িচাপায় এক শিশু, বরিশালের বাকেরগঞ্জে অ্যাম্বুলেন্সচাপায় এক যুবক ও নেত্রকোনা সদর উপজেলায় দুটি বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
রাজশাহী : মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল সকালে দুর্ঘটনা তিনটি ঘটে। এর মধ্যে নগরীর দাশপুকুর মোড়ে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছে। এছাড়া শাহমাখদুম থানা এলাকায় ভটভটির সঙ্গে সংঘর্ষে ফয়সাল হোসেন নামে (২৮) এক পিকআপচালক ও নওদাপাড়া এলাকায় ট্রাকচাপায় জামরুল ইসলাম (৪৮) নামে ভটভটিযাত্রী এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফয়সাল নগরীর মহলদারপাড়া এলাকার নাবিরুল ইসলামের ছেলে ও জামরুল চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের দেসার আলীর ছেলে। মহানগর পুলিশের রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান ও শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।
শরীয়তপুর : নড়িয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটন বেপারী (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের মাঝিরহাট বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিটন ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী রজু মুন্সিকান্দি গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে। এছাড়া একইদিন ডামুড্যা উপজেলার শরীয়তপুর-ডামুড্যা সড়কের ঋষিপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাজন মোল্লা (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান ও ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।
দিনাজপুর : চিরিরবন্দরে ট্রাক্টরচাপায় সাথী রানী রায় (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার তালপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাথী উপজেলার দুর্গাডাঙ্গা গ্রামের মনীন্দ্র নাথ রায়ের মেয়ে। স্থানীয় দুর্গাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সে। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, দুর্গাডাঙ্গা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক্টর সাথীকে সজোরে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পাবনা : ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুজিবর প্রামাণিক (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের হারুখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মুজিবর উপজেলার চর মিরকামারী মাথালপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে দাশুড়িয়া থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মুজিবর। পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের হারুখালীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
বাগেরহাট : ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক দোকানে উঠে পড়ায় জান্নাতুল মাওয়া নামে (৭) এক শিশু নিহত হয়েছে। গত শনিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের সকাল সন্ধ্যা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল মাওয়া উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের মেয়ে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। ফকিরহাট থানার (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জগামী সারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সকাল সন্ধ্যা রেস্টুরেন্টসংলগ্ন একটি চায়ের দোকানে উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
চাঁদপুর : সদর উপজেলায় গাড়িচাপায় নীরব নামে (৬) এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে শহরের পুরানবাজার মোমপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নীরব পুরানবাজারের দিনমজুর মিশু উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে অগ্রণী ব্যাংকের একটি গাড়ি টাকা সংগ্রহ করতে পুরানবাজার অগ্রণী ব্যাংক শাখায় আসে। এ সময় বাজার করতে দোকানে যাওয়ার সময় গাড়িটি নীরবকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানান, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল : বাকেরগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় রিপন খান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন ঝালকাঠির নলছিটি উপজেলার কুসঙ্গল বাবুল গ্রামের প্রয়াত চাঁন খানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বোয়ালিয়া বাজারে কেনাকাটা শেষে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন রিপন। পথে বোয়ালিয়া ব্রিজের ঢালে বরিশালগামী একটি অ্যাম্বুলেন্সের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা : সদর উপজেলায় দুটি বাসের চাপায় জিয়াউর রহমান (২০) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। গতকাল দুপুর পৌর শহরের পারলা আন্তঃজেলা বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর রহমান গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার হায়দার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্টারে দাঁড়ানো একটি বাস স্টার্ট দিয়ে ব্রেক ছেড়ে দিলে অন্য আরেকটি বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায় জিয়াউর রহমান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন জানান, বাসটি জব্দ করা হয়েছে।