নানা আয়োজনে পালিত হচ্ছে ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী

আজ ১৭ নভেম্বর। নানা আয়োজনে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী।

মঙ্গলবার ভোর হতেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত ও মুরিদানদের ঢল নেমেছে।

সকালে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. আলাউদ্দিন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ভাসানী ভক্ত ও মুরিদানরা মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কাঙালি ভোজ, মাওলানা ভাসানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা, বাউল গানসহ নানা কর্মসূচি।