উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। জন্মদিনে এই মহারথীকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা। তারকারাও মেতে উঠেছেন রুনা লায়লার গুনগানে। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানও রুনা লায়লার জন্মদিনে শুভেচ্ছা জানালেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা লায়লাকে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘গানে গানে উপমহাদেশের মানুষের হৃদয় জয় করে নেওয়া শিল্পীর নাম রুনা লায়লা। শুধু বাংলা ভাষায় নয়, বিশ্বের ১৮ ভাষার গানে আপনার মোহনীয় কণ্ঠের জাদুতে আজও মুগ্ধ করে যাচ্ছেন। আপনি অসম্ভব এক অনুপ্রেরণার নাম, পাশাপাশি বিস্ময়ের! সত্যি আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের সংগীতে একজন রুনা লায়লা আছেন। পুরো বাংলা সংগীতের অহংকার আপনি। গর্ব করে আমরা বলতে পারি আমাদের ‘দ্য রুনা লায়লা’ আছেন। আপনার গানের একজন নিয়মিত শ্রোতা-ভক্ত আমি। আপনার সঙ্গে যতবারই দেখা হয়েছে, ততোবারই আপনি আমাকে পরম স্নেহ দিয়েছেন। আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। আপনাকে নিয়ে বলতে বললে হয়তো শেষ করা যাবে না। আজ বিশেষ দিন। হে কিংবদন্তি, আজ আপনার পৃথিবীতে আগমনের দিন।’
উল্লেখ্য, টানা পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতের মায়াজালে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন রুনা লায়লা। মঙ্গলবার এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকার ৬৮তম জন্মদিন। এবারের জন্মদিনকে ঘিরে ডিএমএসের আয়োজনে রুনার সুরে মোট চারটি গান প্রকাশ হচ্ছে। লুইপা ছাড়াও কণ্ঠ দিয়েছেন রুনার দুই মেয়ে আঁখি আলমগীর ও তানি লায়লা। আছেন হৈমন্তী রক্ষিতও। গাজী মাজহারুল আনোয়ার ছাড়াও কথা লিখেছেন কবির বকুল। সব কটি গানের সংগীতায়োজনে আছেন রাজা কাশেফ।
রুনা লায়লা জানান, এবারের জন্মদিনে বড় কোনো আয়োজন থাকছেন না। করোনার আবহে বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটাবেন।