করোনাভাইরাস মহামারীর মধ্যেই ইউরোপে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু বা এইচ৫এন৮ ভাইরাস। এর বিস্তার ঠেকাতে ইতিমধ্যেই বেশ কয়েকটি পোলট্রি খামারের লাখখানেক পোষাপাখি হত্যা করা হয়েছে। এ রোগের কারণে ইউরোপে পোলট্রি ব্যবসায় সংশ্লিষ্টরা বড় ধস নামার আশঙ্কা করছেন বলে জানিয়েছে এএফপি।
গতকাল মঙ্গলবার জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় মেক্লেনবার্গ-ভরপোমার্ন অঙ্গরাজ্যের একটি খামারে এইচ৫এন৮ ভাইরাস শনাক্ত হয়েছে। এর কারণে খামারটির প্রায় সাড়ে চার হাজার মুরগি হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্মান কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, এ রোগের বিস্তার ঠেকাতে চিকিৎসার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন স্থানে ৭০ হাজার পোলট্রি হত্যা করা জরুরি। এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।