কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি তরুণ আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে ইশতিয়াক চৌধুরী ওরফে ইফতি (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইফতি উপজেলার তালোড়া পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লার ইউনুস চৌধুরীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা ভ্যানচালক। মা একটি কারখানায় কাজ করেন। বাবা-মা বাড়িতে না থাকায় মেয়ে প্রায়ই প্রতিবেশী অভিযুক্ত ইফতির বাড়ির আঙিনায় খেলাধুলা করত। গত ৩০ অক্টোবর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ওই মেয়েকে ধর্ষণ করে। পরে বিষয়টি ভুক্তভোগী বাবা-মাকে জানায়।

এ ঘটনায় সোমবার বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা দুপচাঁচিয়া থানায় ইফতির বিরুদ্ধে মামলা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী বলেন, মামলার পর রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।