ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত প্রিয়াঙ্কা

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের নতুন অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। গত সোমবার টুইট করে এ কথা জানিয়েছেন তিনি। আগামী এক বছর, অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত লন্ডনে কাজ করাকালীন এ পদে নিযুক্ত থাকবেন প্রিয়াঙ্কা। তিনি টুইটে লেখেন, ‘ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের ইতিবাচক পরিবর্তনের জন্য অ্যাম্বাসাডর মনোনীত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। যতদিন আমি লন্ডনে থেকে কাজ করব, ততদিন আমি এ পদ সামলাব। শিগগিরই আমরা কিছু নতুন উদ্যোগ নিতে চলেছি, আমার এ যাত্রায় আপনাদের সবাইকে সঙ্গে চাই।’ এই টুইটের সঙ্গেই এ তারকা ফ্যাশন নিয়ে নিজের মতামত প্রকাশ করে ছোট একটি নোট পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘ফ্যাশন আধুনিক সংস্কৃতির হৃদস্পন্দন। ফ্যাশন বিভিন্ন মানুষ এবং সংস্কৃতিকে কাছাকাছি আনার একটি শক্তিশালী মাধ্যম। ফ্যাশন ইন্ডাস্ট্রির এ অসাধারণ ঐক্য এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করার জন্য মুখিয়ে রয়েছি।’

জানা গেছে, প্রিয়াঙ্কা ফ্যাশনের ক্ষেত্রে কিছু কৌশল গড়ে তুলবেন যা ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন ও নৈতিকতা বজায় রেখে কাজ করার অভ্যাস তৈরি করবে। এ পদে নিযুক্ত থাকাকালে প্রিয়াঙ্কা সেখানকার ‘লন্ডন ফ্যাশন উইক’, ‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে সক্রিয় ভূমিকা পালন করবেন। বরাবরই প্রিয়াঙ্কা বিভিন্ন গঠনমূলক কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন। ২০১৬ সালে তাকে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হয়।