চট্টগ্রামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো।
মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৯ নম্বর সড়কে ‘মন’ নামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম মেট্রো মো. রাশেদুজ্জামান বলেন, আমরা অভিযানে গিয়ে দেখি সেখানে কোনো চিকিৎসক নেই। প্রতিষ্ঠানটিতে নেই স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লাইসেন্স। শুধুমাত্র সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে তারা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিল। মালিক মো. ইমরান অভিযানের খবর পেয়ে পালিয়ে যান। আমরা প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা সেখানে ১২ জন রোগীকে ভর্তি পেয়েছি কিন্তু এদের মধ্যে তিনজনকে পেয়েছি যারা মাদকাসক্ত নন। আমরা ১২ জনকে উদ্ধার করে তিনজনকে তাদের পরিবারের জিম্মায় দিয়েছি। বাকি ৯ জনকে নগরীর নাসিরাবাদে সরকারি বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে।