জন্মের পরপর অনেক নবজাতকের গোলাপি শরীরে হলুদাভ আভা দেখা যায়। একে আলাদাভাবে নবজাতকের জন্ডিস বলা হয়। জন্মের পর থেকেই অনেক শিশু জন্ডিসে আক্রান্ত হয়। সঠিক পরামর্শের অভাবে এবং সঠিক চিকিৎসা না পেলে এতে শিশুর মৃত্যুও হতে পারে।
কারণ ও ধরন
নবজাতকের লোহিত কণিকায় যে হিমোগ্লোবিন থাকে, তা বড়দের থেকে গুণগতভাবে আলাদা এবং পরিমাণেও বেশি থাকে। এই হিমোগ্লোবিনের আয়ুষ্কাল কম। তাই এরা তাড়াতাড়ি ভাঙে এবং অধিক পরিমাণে বিলরুবিন তৈরি করে। এই অতিরিক্ত বিলিরুবিন নবজাতকের অপরিণত ও অপরিপক্ব লিভার দ্রুত নিষ্কাশন করতে পারে না। এতে রক্তে এই মাত্রা বেড়ে যায়। আবার লিভারের কার্যক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে এবং সপ্তাহ দুয়েকের মধ্যে সম্পূর্ণ মিলিয়ে যায়। নবজাতকের প্রকারভেদ
একে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। ১) ফিজিওলজিক্যাল জন্ডিস বা সাধারণ জন্ডিস ২) ক্লিনিক্যাল জিন্ডিস।
বোঝার উপায়
নবজাতকের শরীর হলদেটে হয়ে যাবে। প্রথমে মুখ হলুদাভ হয়। আস্তে আস্তে শরীর হলুদ হবে, এমনকি হাত ও পায়ের তালু পর্যন্ত হলুদ হয়ে যাবে। শিশু দুধ খেতে চাইবে না। পেট ফুলে যাবে। নড়াচড়া কম করে। শরীরে তীব্র জ্বর থাকতে পারে। শরীর অতিরিক্ত ঠাণ্ডাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে খিঁচুনিও হয়।
ঝুঁকি
নবজাতকের জন্ডিস অবহেলা করা যাবে না। জন্মের ২৪ ঘণ্টার মধ্যে যদি হলুদভাব চলে আসে শরীরে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এ ছাড়া খুব দ্রুত জন্ডিস বাড়ছে এমন মনে হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ, জন্ডিসের বিলিরুবিন মস্তিষ্কের ব্যারিয়ার খুব সহজে পার হয়ে মস্তিষ্কে জমা হয়। একবার যদি সেখানে জমা হয়, তাহলে সেখান থেকে আর কিছুতেই বিলিরুবিন বের করা সম্ভব হয় না। এ থেকে ভবিষ্যতে শিশু প্রতিবন্ধী হয়ে যেতে পারে।
বুকের দুধ
নবজাতককে কোনো অবস্থায়ই মায়ের বুকের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা যাবে না। নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা পর পর মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এতে বারবার পায়খানা হয়, পায়খানার মাধ্যমে শরীরে জমে থাকা বিলিরুবিন বের হয়ে যায়। বিশেষ করে ফিজিওলজিক্যাল অর্থাৎ স্বাভাবিক জন্ডিসের মূল চিকিৎসাই হচ্ছে শিশুকে ঠিকমতো মায়ের বুকের দুধ খাওয়ানো। সাধারণত জন্মগত কারণে ৭০ থেকে ৮০ শতাংশ জন্ডিস পরিলক্ষিত হয়। এসবের বেশির ভাগই ফিজিওলজিক্যাল জন্ডিস বা সাধারণ জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে নবজাতককে প্রতিদিন আধা ঘণ্টা করে ১০ দিন সূর্যের আলোতে রাখলেই ভালো হয়ে যায়। জন্ডিসের মাত্রা বেশি মনে হলে (বিলরুবিন ১৪ বা তার বেশি হলে) হাসপাতালে এনে ফটোথেরাপি দিতে হয়। নবজাতকের বিলরুবিন যদি অতিমাত্রায় বাড়তে থাকে, তবে হাসপাতালে চিকিৎসা করানো উচিত। এ সময় শিশুকে রক্ত দেওয়ারও প্রয়োজন হতে পারে।