নওগাঁয় ক্লিনিক থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর পত্নীতলায় একটি ক্লিনিক থেকে আরিফা জান্নাত মীম (২০) নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ক্লিনিকের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, পত্নীতলা সদরে ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসেবে কর্মরত ছিলেন মীম। দীর্ঘদিন ধরে ক্লিনিকটির এক্সরে রুমের পাশে একটি কক্ষেই থাকতেন তিনি। বুধবার সকালে পুলিশ খবর পেয়ে সেই কক্ষ থেকে মীমের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

মৃত আরিফা জান্নাতের বাড়ি ধামইরহাটের মইসুর এলাকায়। তার বাবার নাম মিজানুর রহমান।