জয়পুরহাটে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে স্বামী অনুকূল চন্দ্র মহন্ত (৩৫) পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার বেল আমলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, গত প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার কীর্তিপুর জাকেশ্বরপুর গ্রামের পান্ড মহন্তের মেয়ে মনিকা রানীর (২৭) সঙ্গে অনুকূল মহন্তের বিয়ে হয়।
বিয়ের পর জানতে পারেন অনুকূল মাদকসেবন ও জুয়া খেলায় আসক্ত। এ কারণে তাদের সংসারে অভাব ও কিস্তি দেওয়াকে কেন্দ্র করে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো।
মঙ্গলবার বিকেলে নবান্নের দাওয়াতে পরিবারের লোকজন বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটায়। সকালে তার বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে খাটের পাশে মনিকার লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গলার পাশে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশী তৎপরতা চলছে।