সিরিয়ার অভ্যন্তরে ইরান ও সিরীয় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে তিন সেনা নিহতের কথা স্বীকার করেছে সিরিয়া।
দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর তারা এ হামলা চালায় বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সৈন্যরা তাদের সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে। ইরানি সৈন্য বাহিনীর নেতৃত্বে সিরীয় একটি স্কোয়াড এসব বিস্ফোরক পেতে রাখে।’
বিবৃতিতে আরও বলা হয়, এগুলো পেতে রাখার জবাব দিতে রাতে আইডিএফ যোদ্ধারা ইরানের কুদস বাহিনী এবং সিরীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, ইসরায়েলি আগ্রাসনে তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
গত ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর সিরিয়ায় কয়েকশ’বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরীয় সরকারি বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।