করোনা বিরতির পর মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বড় ভূমিকা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়দের ইংল্যান্ড সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরে। সব ঠিক থাকলে জানুয়ারিতে বাংলাদেশও ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আর বাংলাদেশের এই ফেরাতেও মিশে থাকলে উইন্ডিজরা।
তবে বাংলাদেশ সফর অনেকটা নিশ্চিত হলেও ক্যারিবীয়রা সিরিজ সংক্ষিপ্ত করা প্রস্তাব দিয়েছে। যা নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা যায় বিষয়টি ইতিবাচকভাবেই ভাবছে বিসিবি।
বাংলাদেশ সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ক্যারিবীয়দের। তবে করোনাকালে বায়ো বাবল ব্যবস্থার মধ্যে থেকে দীর্ঘকালীন সফর করতে চায় না উইন্ডিজ।
সে ক্ষেত্রে বিসিবি একটি টেস্ট কমাতে সম্মতি দিতে পারে। অন্তত বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কথায় সেটি পরিষ্কার।
বুধবার সংবাদমাধ্যমকে প্রধান নির্বাহী বলেন, ‘এখনো এই বিষয়টা চূড়ান্ত হয়নি। আমাদের কাছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে যে বায়ো বাবলের মধ্যে থাকাটা যেহেতু একটু সমস্যা। সিরিজের সময়টা কমিয়ে আনা যায় কিনা। সে ক্ষেত্রে এটা একটা অপশন যে, একটা টেস্ট কমিয়ে সময় কমানো যায় কিনা। এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখনো চূড়ান্ত সময় নেয়া হয়নি।’
জানা গেছে ৭ জানুয়ারি ঢাকায় পা রাখতে পারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সিরিজের কোয়ারেন্টাইন বিধি কি হবে সে নিয়ে নিজাম উদ্দিন বললেন, ‘আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে বিদেশি খেলোয়াড় বা কোচ যারা অংশগ্রহণ করেন তাদের ক্ষেত্রে। রিসেন্ট যে টুর্নামেন্টটা আমরা করেছি, সেখানেও কিছু বিদেশি স্টাফ ছিলেন। তাদের ক্ষেত্রে যে প্র্যাকটিসটা আমরা করেছি, তারা আসার পর কোয়ারাইন্টাইনে থাকবেন। তাদের টেস্ট করা হবে। ফল যদি নেগেটিভ হয়, তাহলে তারা এভেইলেবল হবে। এভাবেই আমরা চেষ্টা করব। এভাবেই সরকারের সঙ্গে কথা হচ্ছে।’