দেশে ফিরে করোনা পরীক্ষার অপেক্ষায় তামিম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মিশন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার পালা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাঠে নামার। তার আগে করোনা পরীক্ষার অপেক্ষা আছেন এই বাঁহাতি ওপেনার।

পিএসএলে এবার লাহোর কালান্দার্সে খেলেছেন তামিম। তার দল রানার্স আপ হয়। ফাইনালসহ তিন ম্যাচে তামিমের ইনিংসগুলো ছিল এমন- ১০ বলে ১৮, ২০ বলে ৩০ ও ৩৮ বলে ৩৫।

পিএসএল শেষ করে বুধবার রাত ১১টা নাগাদ এমিরেটসের একটি ফ্লাইটে করে করাচি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তামিম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। তবে সেই মিশনের আগে আপাতত করোনা পরীক্ষায় পাশ করতে হবে তামিমকে।

অবশ্য সদ্য বিদেশ ফেরত তামিম শুধু নয়, টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া সব খেলোয়াড়দেরই করোনা পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার থেকে। ফলাফল নেগেটিভ আসা খেলোয়াড়রা শনিবার থেকে ঢুকে পড়বেন জৈব সুরক্ষা বলয়ে।

সবার নমুনাই নেওয়া হবে মিরপুর স্টেডিয়াম থেকে। তবে বিদেশ ফেরত তামিম আইসোলেশনে থাকায় তার নমুনা নেওয়া হবে বিশেষ ব্যবস্থায়, বাসা থেকে।

২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে তামিমদের ফরচুন বরিশাল লড়বে জেমকন খুলনার বিপক্ষে।