ধারাভাষ্য দিতে গিয়ে প্রধান কোচ গিবস!

শ্রীলঙ্কায় গিয়েছিলেন ধারাভাষ্যকার হিসেবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার ওপেনার হার্সেল গিবসের ভূমিকাই বদলে গেল পুরোপুরি। আসছে লঙ্কান প্রিমিয়ার লিগে ধারাভাষ্য কক্ষে নয়, কোচ হিসেবে দেখা যাবে ৪৬ বছর বয়সী গিবসকে।

লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বো কিংসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হার্সেল গিবস।

কলম্বো কিংসের হেড কোচ কবির আলি করোনায় আক্রান্ত। তাই গিবসকেই নতুন কোচ হিসাবে নিযুক্ত করেছে দলটি। সহকারী কোচ হিসেবে প্রথমে চামিন্ডা ভাসকে নিয়োগ করে কলম্বো কিংস। কিন্তু তিনি সরে দাঁড়ান। পরে ভাসের পরিবর্তে রঙ্গনা হেরাথকে সহকারী কোচ করা হয়।

২৬ নভেম্বর থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। প্রথমবারই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে বেশ চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বারবার সূচি পরিবর্তিত হয়েছে। ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। আপাতত ১৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। সব মিলে ২৩টা ম্যাচ হবে হাম্বানটোটায়।