২০৩০ সালের মধ্যে সারা দেশে সবার জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা (সেইফলি ম্যানেজড স্যানিটেশন) অর্জনে বিভিন্ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারের সমন্বিত সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থাপিত সিটিওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন সাপোর্ট সেলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ।