বলিউডের আবেদনময়ী অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ৪৪ বছর বয়সেও গ্ল্যামার ধরে রেখেছেন। ভক্তরাও বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন। সম্প্রতি অতীত এক দুঃসহ স্মৃতির কথা জানিয়েছেন চিত্রাঙ্গদা। ক্যারিয়ারের শুরুর দিকে তার গায়ের রং নিয়ে কথা শুনতে হয়েছে এবং কাজ হাতছাড়া হয়েছে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন এ নায়িকা। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এ দেশে গায়ের রং ও কালো মেয়েদের বেঁচে থাকার দুর্দশা অনুভব করেছেন তিনিও। ভারতের মতো দেশে আজও মেয়েদের গায়ের রং নিয়ে যে বাছাই ও বিচার রয়েছে, তা নিয়ে তিনি অবহিত এবং এর তীব্র প্রতিবাদ করেন তিনি। নিজের ত্বক ও চেহারা নিয়ে যেকোনো মানুষের গর্বিত হওয়া উচিত বলেই মনে করেন তিনি।
চিত্রাঙ্গদা বলেন, ‘গায়ের রং কালো হওয়ায় বেশ কয়েকটা মডেলিং অ্যাসাইনমেন্ট থেকে বাদ পড়েছিলাম। একটি বিজ্ঞাপন থেকে বাদ পড়ার পর আমাকে পরোক্ষভাবে বলা হয়েছিল যে গায়ের রংই এর কারণ। সৌভাগ্যবশত সেই বিজ্ঞাপনের কাজটি গুলজার সাহেব দেখেছিলেন। তারপরই মিউজিক ভিডিওতে কাজের অফার পাই। সেবার বুঝেছিলাম, এখানে সবাই ফর্সা মেয়েদের খোঁজে।’ শিগগিরই ‘বব বিশ্বাস’ সিনেমায় দেখা যাবে চিত্রাঙ্গদাকে।